নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের ঘটনায় পুরো জুয়েলারি খাতকে নেতিবাচক প্রচারণার আওতায় না আনার আহ্বান জানিয়েছে বাজুস। সংগঠনটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে দেশের সম্ভাবনাময় জুয়েলারি শিল্পের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা সমীচীন নয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের বিষয়টি বাজুসের নজরে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রচারের ক্ষেত্রে দেশের সামগ্রিক জুয়েলারি খাতের ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাজুস জানায়, দেশের অর্থনীতি, রাজস্ব আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে জুয়েলারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।
সংগঠনটি জানিয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২১) সংস্কারসহ জুয়েলারি খাতকে সুশৃঙ্খল ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত আট মাস ধরে বাজুস সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, জুয়েলারি খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে বৈধ ব্যবসা সংকুচিত হতে পারে এবং সরকারের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি এ খাতে কর্মরত বহু মানুষ বেকার হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। দেশীয় বাজারের একটি অংশ বিদেশমুখী হলে বৈধ পথে দেশের অর্থ বিদেশে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই কোনো ঘটনা বা অভিযোগের কারণে সম্ভাবনাময় এ খাতের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছে বাজুস।
ডায়মন্ড ওয়ার্ল্ড একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে দেশের জুয়েলারি খাতের ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়েছে বাজুস।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24