এইচ এম মাহমুদ হাসান:
রাজধানীর উত্তরা তুরাগের বাউনিয়া মেট্রোরেল এলাকার দক্ষিণ স্টেশনের পশ্চিম পাশে জমি দখল, স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আহসান উল্লাহ, তাঁর ছেলে সানীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী চৌধুরী গোলাম মর্তুজা ও তাঁর পরিবার।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাউনিয়া মেট্রোরেল এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মর্তুজা। এ সময় তিনি জমির মালিকানা ও দখল সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মর্তুজা দাবি করেন, তিনি ও তাঁর স্ত্রী মারিয়া চৌধুরী সাফকবলা দলিলের মাধ্যমে বাউনিয়া মৌজার সিটি জরিপের ১৬০০৯ ও ১৬০২৩ নম্বর দাগে ৩২ শতাংশ জমি কিনেছেন। জমির নামজারি ও নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তাঁরা ভোগদখল করে আসছিলেন।
তাঁর অভিযোগ, ২০২৪ সালে আহসান উল্লাহর করা একটি মামলায় তিনি কারাগারে গেলে ওই সুযোগে আহসান উল্লাহ, হুমায়ুন কবির ও সানীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জমি দখল করেন। পরে জমিটি লেক ভিউ ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করে দখল বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।
মর্তুজা আরও অভিযোগ করেন, বর্তমানে তাঁর দখলে থাকা জমিটুকুও দখলের চেষ্টা চলছে। এ নিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন, স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নতুন করে মামলায় জড়িয়ে জমি দখলের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান চৌধুরী গোলাম মর্তুজা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24