
জেলার উখিয়া উপজেলার ইনানীতে নলকূপ বসাতে গিয়ে ১ হাজার ফুট গভীর মাটি খননের পর পানির বদলে গ্যাস বেরিয়ে আসছে।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইনানীতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন বাসসকে জানান, ইনানীর সিকদারপাড়ায় মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি তার ২০ শতক জমিতে একটি রিসোর্ট নির্মাণের কাজ করছেন। রিসোর্টের প্রয়োজনে পানির জন্য গত ১৫ দিন ধরে নলকূপ বসানোর কাজ চলছিল। প্রায় ১ হাজার ফুট গভীর মাটি খনন করার পরও পানির সন্ধান না পাওয়ায় ৩ দিন আগে খননকাজ স্থগিত করা হয়।
এরইমধ্যে আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে হঠাৎ ওই কূপ থেকে তীব্র বেগে গ্যাস নির্গত হতে শুরু করে এবং পাশেই থাকা বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।
খবর পেয়ে সকাল ৮টার দিকে উখিয়া ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ৩টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দুপুর আড়াইটার পরে সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে গ্যাসের সঙ্গে আগুনের তীব্রতা বেশি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।’
এদিকে একের পর এক বালুর বস্তা ফেললেও আগুন না নেভায় ও ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত আগুন নেভানোর পাশাপাশি এই স্থানে বড় কোনো গ্যাসের খনি রয়েছে কি না, তা ভূতাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে অনুসন্ধানের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24