রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী নদীর ঘাট এলাকা থেকে কে এম তাহসিফ সাউরি (২৭) নামে বাংলাদেশ বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত ২৮ অক্টোবর বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত তাহসিফের বাবা ও ছোট চাচা তাহসিনুল করিমের দেওয়া তথ্যমতে, তাহসিফ বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি অবিবাহিত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাহসিফ উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন এবং গত ২৭ অক্টোবর নিখোঁজ হন। তাহসিফের চাচা জানান, ২৭ অক্টোবর দুপুর ১টা ৩৫ মিনিটে তাহসিফ সর্বশেষ একটি ভয়েস মেসেজ দিয়ে বাসায় আসার কথা জানিয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পর 'দীপ' নামের এক বন্ধু এসে তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও থানায় যোগাযোগের পর ২৮ অক্টোবর বিকেলে নৌ পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।
নিহত তাহসিফের বাবা এটিকে একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, "এটি হত্যাকাণ্ড, লাশ নদীতে পাওয়া গেছে এবং ওই এলাকায় সে সাধারণত যায় না"। তিনি আরও জানান, তাহসিফ একটি মোটরসাইকেল দুর্ঘটনার পর বাসায় বিশ্রামে ছিল এবং সুস্থ ছিল। তার ছেলে অত্যন্ত সৎ, ভদ্র, বিনয়ী এবং সবার কাছে প্রিয় ছিল উল্লেখ করে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। অন্যদিকে তাহসিফের চাচা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তারা নির্দিষ্ট কাউকে সন্দেহ করছেন না।
নৌ পুলিশের উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ ও তাঁর সঙ্গী পুলিশ সদস্যরা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের পর নৌ পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর পকেট থেকে একটি আইফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করে। পরে নৌ পুলিশের ওসি মো. ফিরোজ মোবাইল ফোনের সিম সচল করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং মৃত্যুর খবর জানান।ময়নাতদন্ত শেষে আজ বিকেল ৪টার পর পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর আসরের নামাজের পর নিহতের জানাজা সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমেই এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24