নিজস্ব প্রতিবেদক: সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান তিনি।
সোমবার (২ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।
নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। সরকারের অযোগ্যতায় গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ১৮ কোটি মানুষ। আমি গ্যাস সিলিন্ডারের এই অযৌক্তিক ও অবৈধ মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।
তিনি লেখেন, অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার। এর ফলে বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। দফায় দফায় মূল্যবৃদ্ধি করা হলেও এর পেছনে সরকার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশগুলোয় এখনও বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।
তিনি আরও লেখেন, আরও উদ্বেগজনক বিষয় হলো, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24