উত্তরা সংবাদদাতা:
রাজধানীর উত্তরখানে একটি দশতলা ভবনের নবম তলা থেকে সানজিদা ইসলাম ইমা নামের এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নিহতেরই স্বামী মো. আমিনুর রহমান। গতরাতে পুলিশি অভিযানে গ্রেফতারের পর বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে গত ৮ নভেম্বর, সকাল ৭টা ৩৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যেকোনো এক সময়। ঘটনাস্থল রাজধানীর উত্তরখান থানাধীন হেলাল মার্কেট, দোবাদিয়া রোড সংলগ্ন আব্দুল কাদিরের মালিকানাধীন ‘সোনালী পাবনা’ নামক দশতলা ভবন। এই ভবনেরই নবম তলায় থাকতেন তারা।
নিহত সানজিদা ইসলাম ইমার বাবার নাম এবিএম শফিকুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুরে। অন্যদিকে ঘাতক স্বামী আমিনুর রহমানের বাড়ি পাবনা সদরের নুরপুর গ্রামে। তার বাবার নাম আজিজুর রহমান।
এই ঘটনায় পরদিন ৯ নভেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে এটিএম সাইফুল ইসলাম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২ ও ৩৪ ধারায় রুজু হওয়া এই মামলার নম্বর ০৩।
মামলা দায়েরের পরই আত্মগোপনে থাকা স্বামী আমিনুরকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। অবশেষে গতরাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, হত্যার মোটিভ এবং এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা— তা নিশ্চিত হতে আদালত তাকে রিমান্ডে পাঠিয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রিমান্ডে রয়েছেন আমিনুর। পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণে এই নির্মম হত্যাকাণ্ড, তা রিমান্ড শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24