
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কারণে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করেছে সরকার।
আজ জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. কেরামত আলীর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি মামলা সরকার প্রত্যাহার করেছে।’
মন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ প্রক্রিয়া আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসককে (ডিসি) এ কমিটির সভাপতি করা হয়েছে।
জেলা পর্যায়ের কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার (এফআইআর), প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে।
কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলাটির বিচার কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন কি না এবং বিচারপ্রক্রিয়া চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনা করে কমিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করে।
আইনমন্ত্রী জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ যাচাই এবং সার্বিক মামলা প্রত্যাহার কার্যক্রম সমন্বয়ের জন্য ২০২৬ সালের ৮ মার্চ তার নেতৃত্বে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক কারণে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে প্রতীয়মান হয়—এমন কোনো মামলা প্রত্যাহারের জন্য আবেদন পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24