রিপোর্টার শাফায়েত হোসেন
রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ লোহার গেট এলাকায় কনকটবাহী গাড়ির চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক জীবিকা নির্বাহের জন্য সুপারি বিক্রি করতেন। প্রতিদিনের মতো তিনি বেরিবাঁধ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি কনকটবাহী গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বেরিবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে কনকট ও সিমেন্টবাহী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। এসব গাড়ির চালকেরা অনেক সময় ছোট যানবাহন ও পথচারীদের যথাযথ গুরুত্ব দেন না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত ২৪ ঘণ্টা ভারী যানবাহন চলাচলের কারণে নারী, শিশু, শিক্ষার্থী, স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ পথচারীদের চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। কখনো প্রাণহানি, আবার কখনো মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাঁদের প্রশ্ন, আর কত প্রাণ গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?
মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় লাখো মানুষের বসবাস। তাই জনবহুল এই এলাকায় ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট গতিসীমা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁরা অবিলম্বে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী চালককে আইনের আওতায় আনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহন চলাচলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24