উত্তরা সংবাদদাতা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ১১ নভেম্বর (২০২৬) উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ৩ নম্বর সেক্টরস্থ আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নান্নু শেখকে (৪০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাদশারটেক মসজিদের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন রামাইল ইউনিয়নের চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো. শাহাদাত খানকে (৬৪) গ্রেফতার করে পুলিশ। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে গত ২৯ অক্টোবর ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।
এর আগে, বিকেল ৩টা ০৫ মিনিটে ১২ নম্বর সেক্টরস্থ ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরাকে (২৭) গ্রেফতার করা হয়। নিষিদ্ধ সংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া গেছে। এছাড়া তার নামে পটুয়াখালী সদর থানায় পূর্বে দুটি মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধেই পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24