
জেলার প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামোর চিত্র। পরিকল্পিত এবং টেকসই উন্নয়নে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হচ্ছে তেমনি জেলার সামগ্রিক অর্থনীতিও সুদৃঢ় হচ্ছে।
মুন্সীগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরে ১৫৭ কোটি ৩৬ লক্ষ টাকার ১৪২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোও হাট বাজারের উন্নয়নসহ জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন এসেছে।
মুন্সীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলতি ২০২৬-২৭ অর্থবছরে জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ১৪২টি প্রকল্পের মধ্যে ১৩টি প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক মেরামত ও পুনর্বাসন, কালভার্ট মেরামত, ৫১টি সর্বজনীন প্রকল্প, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প, উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে ব্রিজ নির্মাণের ১টি প্রকল্প।
ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (ডিডিআইআরডব্লিউএসপি) প্রকল্পে রয়েছে ৫টি প্রকল্প, ২টি প্রকল্পে রয়েছে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন, ৪টি প্রকল্প রয়েছে ঘুর্ণিঝড় আম্মান ও বন্যায় ক্ষতিগ্রস্ত’ পল্লী সড়ক অবকাঠামোর উন্নয়ন, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আইআরআইডিপি-৩) রয়েছে ৩টি প্রকল্প, গ্রামীণ সড়ক পুণর্বাসন প্রকল্পে (ভিআরআরপি) রয়েছে ১টি প্রকল্প।
বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় রয়েছে ১৬টি প্রকল্প, প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় রয়েছে ৪টি প্রকল্প। ২০২৬-২৭ অর্থবছরে জেলার শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (২য়পর্ব) আওতায় ৬টি প্রকল্প রয়েছে,বিভিন্ন ইউনিয়নে নতুন ভূমি অফিস নির্মাণ।
মুন্সীগঞ্জ জেলায় ৭শ’ কোটি টাকার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চলতি অর্থ বছরে ২৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ২০২৯ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এই প্রকল্পের আওতায় রয়েছে উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন ও পুনর্বাসন,গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুন:নির্মাণ,বাজার, ঘাট, কৃষিপণ্য উৎপাদন ও বিপণন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
প্রকল্পটির প্রধান লক্ষ্য মুন্সীগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। মুন্সীগঞ্জ শহরের খাল, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জন্য মান সম্পন্ন আবাসনের ব্যবস্থা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বোরহানউদ্দিন মোল্লা বাসস’কে জানান, জেলায় এলজিইডি’র আওতাধীন ২৮৪৪ কিলোমিটার দৈর্ঘ্যরে ১৮০৩টি গ্রামীণ সড়ক রয়েছে। এরমধ্যে পাকা অংশের দৈর্ঘ্য ১২১৩ কিলোমিটার, কাঁচা রাস্তা ১৬৩৮ কিলোমিটার, পিচঢালা নমনীয় রাস্তা ১০১০ কিলোমিটার এবং ইট বিছানো রাস্তা রয়েছে ১৫৯ কিলোমিটার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সমূহের মধ্যে রয়েছে প্রধানত নতুন গ্রামীণ সড়ক নির্মাণ এবং সংস্কার, ব্রিজ কালভার্ট নির্মাণ এবং হাট বাজারের অবকাঠামো উন্নয়ন। প্রকল্প সমূহের কাজ সমাপ্ত হলে প্রত্যন্ত অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য সরাসরি উপজেলা এবং জেলা সদরসহ অন্যত্র বাজারজাতকরণ সহজ হবে। এতে পরিবহন খরচ কমে আসবে এবং কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। চলমান ১৪২টি প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ১০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং গড় ভৌত অগ্রগতি শতকরা ৩৯ ভাগ।
তিনি জানান, সকল উন্নয়ন কাজে টেকসই উন্নয়নের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। চলতি অর্থ বছরের প্রকল্প সমুহের কাজ সমাপ্ত হলে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান আরো উন্নত হবে। জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে এবং সুষ্ঠু আন্ত:সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24