হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে নাশকতা মামলার পলাতক আসামি ও হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মোশারফ হোসেনকে গ্রেফতার করেন পুলিশ।কিন্তু গ্রেফতার করে থানায় নিলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় সে। তবে পালানোর ১৪ ঘন্টা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেল ৪ টায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান , শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দক্ষিণ বাসুদেবপুর এলাকার নিজ বাড়ি থেকে নাশকতা মামলার পলাতক আসামি মোশারফকে আটক করে হাকিমপুর থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসার সময় হ্যান্ডকাফ খুলে পুলিশের পিকআপ ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে বিকেল ৩ টায় তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাদশা আলম আরও জানান, গ্রেফতারকৃত মোশারফ হোসেন হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মছির উদ্দিনের ছেলে। এবং একই মামলায় আরও ৪ জন আসামিকে আটক করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24