হিলি প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসে প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। নতুন এ যাত্রা বিরতিকে ঘিরে সকাল থেকেই হিলি রেলস্টেশনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিজয় উৎসব ও র্যালিতে প্রকাশ পেয়েছে সেই উচ্ছ্বাস। স্থানীয় ও ব্যবসায়ীদের প্রত্যাশা, সহজ যোগাযোগের পাশাপাশি গতি ফিরবে ব্যবসা-বাণিজ্যেও। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস এই দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন স্থানীয় বাসিন্দারা।
ঝমঝম, ঝিকঝিক কিংবা টুকটুক— লোহার রেলপথে চাকার এই ছান্দসিক ছন্দধ্বনি সুদীর্ঘ ১৪৮ বছর ধরে সাক্ষী হয়ে আছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্টেশনের বুক চিরে আন্তঃনগর ট্রেনগুলোর দূরান্তে হারিয়ে যাওয়ার দৃশ্য। অবশেষে ফুরোচ্ছে অপেক্ষার পালা। চিরচেনা সেই পুরনো দৃশ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটাতে এসেছে এক দারুণ সুসংবাদ মন্ত্রণালয়ের এক যুগান্তকারী সিদ্ধােেন্ত হিলি স্টেশনে আবারও যাত্রা বিরতি শুরু হয়েছে চিলাহাটি এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস। এই আনন্দের জোয়ার বইছে হিলিবাসীর মনে, রাজপথে নেমে এসেছে দলবদ্ধ আনন্দ মিছিল।
হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনটিতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকাগামী কোনো আন্তনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঢাকায় যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হতো।
স্থানীয় বাসিন্দাদের আশা, এই যুগোপযোগী পদক্ষেপে উপকৃত হবেন হিলি, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার প্রায় ৬ লাখ মানুষ। আর ব্যবসায়ীদের মতে, যোগাযোগের এই নতুন দিগন্ত উন্মোচনের ফলে অচিরেই বহুগুণে বৃদ্ধি পাবে এই অঞ্চলের ব্যবসার পরিধি। রবিবার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে প্রথম যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।
হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় সুবিধা।
হিলি রেলস্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, আগে এ স্টেশনে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, খুলনাগামী খুলনা মেইল এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমতি ছিল। নতুন করে আরও দুটি আন্তঃনগর ট্রেন যুক্ত হওয়ায় স্টেশনে ট্রেনের সংখ্যা বেড়েছে। হিলি থেকে ঢাকাগামী প্রতিটি ট্রেনে পাঁচটি এসি ও ২০টি নন-এসি টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে। আর ঢাকা থেকে হিলিগামী ট্রেন দুটিতে ৩০টি করে টিকিট বরাদ্দ রয়েছে। যাত্রাবিরতি কার্যকর হলে যাত্রীসংখ্যা ও টিকিট বিক্রি বাড়তে পারে। এতে সুবিধা বাড়বে যাত্রীদের, বাড়বে রেলওয়ের রাজস্ব আয়ও।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়া বলেন,
হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসের এই কর্মকর্তা জানান, এর ফলে এপার বাংলা ওপার বাংলার যাত্রীরা এখন যাতাাাতের জন্য আন্তঃনগর ট্রেনের সহযোগিতা নিতে পারবে। এর ফলে এই পথে আগামীতে যাত্রী সংখ্যা বাড়বে সেই সাথে বাড়বে রাজস্ব আদায়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24