ইসলাম ডেস্ক : পবিত্র কোরআনের ৮০তম সুরা সূরা আবাসা। মক্কায় অবতীর্ণ ৪২ আয়াতের এই সুরায় মানুষের মর্যাদা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, কোরআনের উপদেশ গ্রহণ এবং পরকালের বাস্তবতা তুলে ধরা হয়েছে। সুরাটির শুরুতে বর্ণিত একটি ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায়, সামাজিক অবস্থান, সম্পদ কিংবা ক্ষমতার ভিত্তিতে কাউকে অবহেলা করা উচিত নয়।
সুরার প্রথম অংশে এক অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-এর ঘটনা এসেছে। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে দ্বীনের শিক্ষা নিতে এসেছিলেন। সে সময় রাসুলুল্লাহ (সা.) কুরাইশের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তার মনোযোগ অন্যদিকে থাকায় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি সাময়িকভাবে মনোযোগ দিতে পারেননি। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা আয়াত নাজিল করেন। এর মাধ্যমে স্পষ্ট হয়, সত্যের সন্ধানী একজন মানুষের গুরুত্ব সম্পদশালী ও প্রভাবশালী ব্যক্তিদের চেয়ে কম নয়।
এখান থেকে শিক্ষা হলো, মানুষের মূল্যায়ন করতে হবে তার অন্তরের অবস্থা ও সত্য গ্রহণের আগ্রহ দিয়ে; সামাজিক পরিচয়, অর্থবিত্ত কিংবা ক্ষমতা দিয়ে নয়। আমাদের সমাজেও অনেক সময় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষ অবহেলার শিকার হন। অথচ ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে।
সুরাটিতে কোরআনের উপদেশ গ্রহণের প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এটি উপদেশবাণী। অতএব, যে ইচ্ছা করে সে তা গ্রহণ করবে।’ (সুরা আবাসা, আয়াত: ১১-১২)। অর্থাৎ কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; বরং জীবন পরিচালনার নির্দেশনা হিসেবেও গ্রহণ করতে হবে।
এ ছাড়া মানুষকে নিজের সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সামান্য বীর্যবিন্দু থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, জীবনযাপনের উপকরণ দিয়েছেন এবং মৃত্যুর পর পুনরুত্থানের ব্যবস্থাও করবেন। অথচ মানুষ প্রায়ই এসব নিয়ামতের কথা ভুলে যায়।
সুরার শেষাংশে কেয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরা হয়েছে। সেদিন মানুষ নিজের ভাই, মা-বাবা, স্ত্রী ও সন্তান থেকেও দূরে পালাবে। প্রত্যেকেই নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে।
সুরা আবাসার শিক্ষা হলো, কাউকে অবহেলা না করা, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা, কোরআনের নির্দেশনা মেনে চলা এবং পরকালের প্রস্তুতি নেওয়া। দুনিয়ার মর্যাদা ও প্রভাব ক্ষণস্থায়ী; চূড়ান্ত সফলতা নির্ভর করবে আল্লাহর কাছে মানুষের আমল ও পরিণতির ওপর।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24