
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি বৃহৎ প্রকল্পে বিনিয়োগ আকৃষ্ট করতে শুক্রবার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। ২০৫০ সাল পর্যন্ত প্রকল্পটিতে মোট ৫০০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রায়ত্ত আর্জেন্টাইন প্রতিষ্ঠান ওয়াইপিএফ, ইতালির কোম্পানি এনি ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এক্সআরজি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এটি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প।
প্রকল্পের আওতায় আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলের ভাকা মুয়ের্তা গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে। দেশটির সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে এই গ্যাসক্ষেত্রে।
এখান থেকে প্রতিবছর ১ কোটি ২০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হবে।
আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো জানান, ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে প্রকল্পটিতে ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ২০৫০ সাল নাগাদ মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫ হাজার কোটি ডলারে।
প্রকল্পটি সরকারের ‘বৃহৎ বিনিয়োগ প্রণোদনা কর্মসূচি’র (আরআইজিআই) আওতায় বাস্তবায়িত হবে। ২০২৪ সালে উদারনীতিবাদী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকার এ কর্মসূচি চালু করে।
এর লক্ষ্য কর ছাড়, বিনিময় হারসংক্রান্ত সুবিধা ও অন্যান্য প্রণোদনার মাধ্যমে দেশি-বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করা।
অর্থমন্ত্রী কাপুতো জানান, প্রকল্পের আওতায় গ্যাস পরিবহনের জন্য একটি এবং তেল পরিবহনের জন্য আরেকটি পাইপলাইন নির্মাণ করা হবে। প্রতিটি পাইপলাইনের দৈর্ঘ্য হবে ৫২৪ কিলোমিটার (৩২৫ মাইল)।
পাইপলাইন দুটি আটলান্টিক মহাসাগর উপকূলবর্তী রিও নেগ্রো প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে। সেখানে ভাসমান দুটি গ্যাস তরলীকরণ ইউনিট স্থাপন করা হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24