
প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের আলোচনা নিয়ে জাতিসংঘের সম্মেলনে মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে রাশিয়ার আপত্তির কারণে টানা পাঁচ দিনের আলোচনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফলে শনিবারও অতিরিক্ত সময় ধরে আলোচনা অব্যাহত থাকে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুক্রবার আলোচনা শেষ হওয়ার কথা থাকলেও মতপার্থক্য নিরসনে ঐকমত্যে পৌঁছাতে না পারায় জাতিসংঘের প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনের আলোচনা শনিবার পর্যন্ত গড়ায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।
প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আলোচনা শুরু করা হবে কি না এবং করা হলে কী ধরনের শর্তে তা পরিচালিত হবে—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সপ্তাহজুড়ে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক করেন সিসিডব্লিউর ১২৮টি সদস্যদেশের প্রতিনিধিরা।
তবে বিষয়টি নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় আলোচনা কঠিন হয়ে পড়ে। কারণ, এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য সব সদস্যদেশের ঐকমত্য প্রয়োজন।
অধিকাংশ দেশ আইনগতভাবে বাধ্যতামূলক একটি আন্তর্জাতিক চুক্তির পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো এ প্রযুক্তির অধিকারী দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপে অনাগ্রহী।
জাতিসংঘ শনিবার সকালে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা (এলএডব্লিউএস) নিয়ে ভবিষ্যতে গঠিতব্য সরকারি বিশেষজ্ঞ দলের কার্যপরিধি ও কার্যপদ্ধতি নির্ধারণে সংশ্লিষ্ট সদস্যদেশগুলোর সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা অব্যাহত রয়েছে।’
আলোচনা দীর্ঘায়িত হওয়ায় জাতিসংঘের প্যালেস দে নাসিওঁ ভবনের মূল সম্মেলনকক্ষ থেকে প্রতিনিধিদের সরিয়ে নেওয়া হয়।
পরে প্রতিনিধিরা ভবনটির ওপরের তলার একটি ছোট কক্ষে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক চালিয়ে যান।
ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ার আলোচনার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘কিছু দেশের হাতে ক্ষমতা রয়েছে, আবার কিছু দেশের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’
আলোচনার কেন্দ্রে রাশিয়া
প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা বা লজ সাধারণত এমন অস্ত্র, যা একবার সক্রিয় করা হলে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকে লক্ষ্যবস্তু নির্বাচন ও আক্রমণ করতে পারে।
বিশ্বব্যাপী ৩০০টির বেশি সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’-এর তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে এ ধরনের অস্ত্রব্যবস্থা ইতোমধ্যেই পরীক্ষা করা হয়েছে কিংবা ব্যবহার করা হয়েছে।
সোমবার সম্মেলন শুরুর পরপরই পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও নাগরিক সমাজের সংগঠনগুলোকে আলোচনায় অংশ নিতে দেওয়ার বিষয়ে আপত্তি জানায় রাশিয়া।
তবে সপ্তাহজুড়ে আলোচনার ফলে বিভিন্ন পক্ষের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক।
তিনি বলেন, ‘কোনো একটি বিষয়ে আলোচনা শুরু করার প্রয়োজনীয়তা নিয়ে আমরা ঐকমত্যের খুব কাছাকাছি পৌঁছেছি। ’
তবে ব্রাজিলের রাষ্ট্রদূত মেয়ার বলেন, ‘কেউই পুরোপুরি নির্দোষ নয়।’ তার বক্তব্য, রাশিয়ার পাশাপাশি আরও কিছু দেশও এই অবস্থানের পেছনে রয়েছে।
- ওপেনহাইমার মুহূর্তের’ মুখে বিশ্ব -
এএফপির হাতে আসা একটি খসড়া চুক্তিতে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একটি ‘কাঠামোগত প্রটোকল’ প্রণয়নের লক্ষ্যে আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে।
এর মূল উদ্দেশ্য হবে, এসব অস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য আন্তর্জাতিক মানবিক আইনকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা এবং বিদ্যমান আইন কীভাবে কার্যকর করা যায়, তা খতিয়ে দেখা।
খসড়া নথিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ বিষয়ে আরও বিধিবিধান ও অন্যান্য পদক্ষেপ ধাপে ধাপে তৈরি করা যেতে পারে।
তবে লেক্স ইন্টারন্যাশনাল নামের একটি দাতব্য তহবিলের প্রতিনিধি ম্যাগনুস লোভল্ড বলেন, বিশ্ব এখন একটি ‘ওপেনহাইমার মুহূর্তের’ বা প্রযুক্তির অসীম ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে।
এটি পারমাণবিক বোমার অন্যতম প্রধান নির্মাতা পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের নাম থেকে নেওয়া একটি রূপক। পারমাণবিক অস্ত্রের আবির্ভাবের মাধ্যমে মানবসভ্যতা যেমন এক নতুন ও বিপজ্জনক যুগে প্রবেশ করেছিল, স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রের ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
লোভল্ড বলেন, ‘আমরা এখন এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছি, যেখানে ভবিষ্যতে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা আরও কঠিন হয়ে উঠতে পারে।’
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24