
ঘূর্ণিঝড় আকভান’র প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহে তলিয়ে গেছে বিস্তীর্ণ ধানের মাঠ। বৃষ্টির পানি জমে ধানের ডগা কোথাও কোথাও পড়ে আছে পানির নিচে। ক্ষতি কাটিয়ে ওঠতে কৃষকরা বাধ্য হয়ে কেটে নিচ্ছেন ধানের ডগা। এ ছাড়া হালকা বাতাসে জেলার অনেক মাঠে কাঁচা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে পড়ে যাওয়া ধান কাটতেও ঘরে তুলতে অতিরিক্ত পারিশ্রমিক গুনতে হচ্ছে কৃষকদের। ধান ছাড়াও শীতকালীন শাক-সবজি, সরিষা ও গমের আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া,রামনগর,গান্না মহারাজপুর এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ ধানের মাঠে জমেছে পানি। ফলে এসব ধান কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। এতে পিছিয়ে যেতে পারে সরিষা, ছোলা, মসুরি ও গমের বীজ বপনের সময়।
টানা বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন মাঠে শীতকালীন সবজির আবাদেও প্রভাব পড়েছে। সবজি চাষীরা আশঙ্কা করছেন, বৃষ্টির পানি জমিতে দু’দিন আটকে থাকলে সবজির গাছে পচন ধরতে পারে।
এদিকে ছাড়া জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠের চিত্রও প্রায় একই।
সদর উপজেলার রামনগর গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, দুইদিন একটানা বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হচ্ছে। ধানের মাঠে পানি জমে গেছে। নিচু জমিতে হাটু পানি। কেটে রাখা ধান পানির নিচে। পানিতে তলিয়ে থাকা ধানের দাম বাজারে কম পাওয়া যায়। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
ভবানীপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া পালংশাক, ধনিয়াপাতাসহ শীতের সবজি ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে যাবে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাবে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াই খরচ দ্বিগুণ হয়ে গেছে। আমরা এতো খরচ কিভাবে মেটাবো সেই দুশ্চিন্তায় আছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় চলতি আমন মৌসুমে মোট ১ লক্ষ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এরইমধ্যে জেলার প্রায় ৩০শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ৬টি উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে। জেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩হাজার ৫শ’ ২৬ হেক্টর জমিতে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির প্রভাবে গম বপনের সময় দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.কামরুজ্জামান বাসস’কে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। শীতকালীন সবজি ক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এ ছাড়া সরিষা,গম ও ভুট্টার বীজ বপন-রোপণেও কিছুটা বিলম্ব হতে পারে। আমরা মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীদের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছি। আমাদের কর্মীরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24