
কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও রপ্তানি সম্প্রসারণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রাণ গ্রুপের উদ্যোগে আয়োজিত কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ সম্পর্কে গণমাধ্যমের ইতিবাচক ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা সাংবাদিকদের শিল্পসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরতে সহায়ক হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়া, ‘বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বর্তমান প্রেক্ষাপট : রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
প্রবন্ধ উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ আয়োজনের মাধ্যমে তারা বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গভীরভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে এ কর্মশালা তাদের অনুপ্রাণিত করেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24