নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকা টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ উপকূলীয় জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও জলবায়ুজনিত ঝুঁকি কমাতে ব্যয় করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল ।
এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের পর মন্ত্রী বলেন, ঢাকা শহরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তোলার বিষয়ে নতুন একটি প্রকল্পের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বস্তিবাসীর জীবনমান উন্নয়নে মডেল প্রকল্প হিসেবে ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি বা দুটি বস্তিকে— যেমন কড়াইল, ভাসানটেক বা এ ধরনের কয়েকটি এলাকাকে— মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগামী এক-দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। বিশ্বব্যাংক এ ক্ষেত্রে সহায়তা দিতে সম্মত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিশ্বব্যাংক আমাদের দেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থ সহায়তা দেওয়ার কারণে বিশ্বব্যাংককে বরাবরই প্রাধান্য দেওয়া হয়।
বিশ্বব্যাংক প্রতিনিধি পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করার লক্ষ্যে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী কী করা সম্ভব, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা জানিয়েছেন ।
আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে জানান তিনি। শহরের বিশেষ চ্যালেঞ্জিং এলাকাগুলোর উন্নয়ন কীভাবে করা সম্ভব, তা যাচাইয়ের একটি মডেল হিসেবে এই পাইলট কর্মসূচিতে কাজ করবে বিশ্বব্যাংক।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সহায়তার বিষয় এবং ভৌত অবকাঠামো ও জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে কথা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতের কৌশল নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজ শুরু করে কীভাবে শহরের বাসিন্দাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24