
জেলায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আজ ভোরে মেহেদী (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে মেহেদী সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে মেহেদীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেন।
নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাসস’কে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তার মরদেহ সুরতহালের জন্য নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24