ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই সমাজে শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘ফাউন্ডেশন ডে লেকচার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপাচার্য বলেন, শান্তি মানে সহিংসতা ও মতপার্থক্যের অনুপস্থিতি নয়; বরং ভিন্নমত ও সংঘাত মোকাবিলায় ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।
সমাজে শান্তি প্রতিষ্ঠায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশ, আইনের শাসন, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানবাধিকার ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। তাই ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক মানুষের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সমাজে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অন্যের মতামত মনোযোগ দিয়ে শোনা, প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তোলা এবং যুক্তিনির্ভও উপায়ে সংঘাত সমাধানে শান্তি বিষয়ক শিক্ষা তরুণদের সহায়তা করতে পারে।
উপাচার্য বলেন, ভয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা নিরাপত্তার চেয়ে ন্যায্যতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী। শান্তি প্রতিষ্ঠায় তিনি পারস্পরিক সহনশীলতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী স্বাগত বক্তব্য এবং সহকারী অধ্যাপক তনিমা ম্যাগডেলিনা কোড়াইয়া সূচনা বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে একটি শান্তি র্যালি বের হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24