আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
মাঘী পূর্ণিমা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরবাড়ী গ্রামে অবস্থিত শ্রীমৎ স্বামী মনোহর গোস্বামী সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, মহানাম সংকীর্ত্তন ও দুইদিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
রবিবার সকাল থেকে শুরু হওয়া ধর্মীয় আয়োজনে সারাদিন ও সারারাত ধরে চলে নাম সংকীর্ত্তন। আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ চলে পরদিন ভোর পর্যন্ত। মাঘী পূর্ণিমা উপলক্ষে মূল ধর্মীয় অনুষ্ঠান দুইদিনের হলেও গ্রামীণ মেলাটি চলবে আরও তিন থেকে চার দিন।
ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের বিশাল এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। আসবাবপত্র, খেলনা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন পণ্য নিয়ে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।
মেলা ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়তি মানুষের সমাগম হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল সার্বক্ষণিকভাবে মেলা ও আশ্রম এলাকা পর্যবেক্ষণে রাখে। আভিযানিক দলের নেতৃত্ব দেন মেজর ইয়াসির আরাফাত। সেনাবাহিনী ও পুলিশের যৌথ নজরদারিতে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।
এ উপলক্ষে আগত ভক্তরা জানান, প্রতি বছর মাঘী পূর্ণিমায় এখানে এসে তারা রোগমুক্তি ও বিভিন্ন মনষ্কামনা পূরণের জন্য প্রার্থনা করেন। দীর্ঘদিনের এই ধর্মীয় আয়োজন তাদের বিশ্বাস ও আস্থার কেন্দ্রবিন্দু।
আয়োজকরা জানান, মাঘী পূর্ণিমায় শ্রীমৎ স্বামী মনোহর গোস্বামী মোনাই পাগলের আবির্ভাব তিথি উপলক্ষে প্রায় একশ বছর ধরে এখানে মহানাম সংকীর্ত্তন ও গ্রামীণ মেলার আয়োজন হয়ে আসছে।