মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় জনগুরুত্বপূর্ণ নতুন সড়ক চিহ্নিত করতে স্থানীয় নাগরিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১ আগস্ট) উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। আগামী ৫ আগস্টের মধ্যে নির্ধারিত পোস্টের কমেন্ট বক্সে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার গুরুত্বপূর্ণ সড়কের প্রস্তাব জমা দিতে পারবেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ইউনিয়ন থেকে ইউনিয়ন, গ্রাম থেকে গ্রাম কিংবা একটি এলাকার প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে এমন নতুন সড়ককে অগ্রাধিকার দেওয়া হবে। প্রস্তাবিত সড়কটি এমন প্রশস্ত হতে হবে যাতে অন্তত দুটি যানবাহন অনায়াসে চলাচল করতে পারে।
তবে ব্যক্তি বা নির্দিষ্ট কয়েকটি পরিবারের ব্যবহারের জন্য নির্মাণযোগ্য সড়ক, কিংবা পূর্বে এইচবিবি (HBB) বা কার্পেটিং করা রাস্তার প্রস্তাব গ্রহণ করা হবে না। তবে পূর্বে নির্মিত কোনো সড়কের বাকি থাকা কাঁচা অংশের উন্নয়নের প্রস্তাব দেওয়া যাবে। এছাড়া ছোট ছোট বিচ্ছিন্ন রাস্তার পরিবর্তে দীর্ঘ পথ সংযুক্ত করে এমন নতুন সড়ককে বেশি গুরুত্ব দেওয়া হবে।
প্রস্তাব জমা দেওয়ার ক্ষেত্রে সড়কের নাম, শুরুর ও শেষ স্থান, সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, আনুমানিক দৈর্ঘ্য, গড় প্রস্থ এবং সম্ভাব্য ব্যয়ের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করতে হবে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না; শুধুমাত্র নির্ধারিত ফেসবুক পোস্টের কমেন্টে দেওয়া তথ্যই পর্যালোচনা করা হবে। একই সঙ্গে কোনো ধরনের তদবির বা সুপারিশ না করার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাপ্ত প্রস্তাবগুলো সরেজমিনে যাচাই-বাছাই করে প্রয়োজনীয়তা বিবেচনায় বাজেট বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “কোনো সড়কের নাম প্রস্তাব হিসেবে জমা পড়লেই সেটি নির্মাণের চূড়ান্ত অনুমোদন বা নিশ্চয়তা হিসেবে বিবেচিত হবে না। যাচাই-বাছাই শেষে যোগ্য ও প্রয়োজনীয় প্রকল্পগুলোই বাস্তবায়নের জন্য নির্বাচন করা হবে।”
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























