স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ মিয়াঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের চর সুভারকুঠি আরাজি পলাশবাড়ী বেড়িবাঁধ সংলগ্ন মেহের জামালের বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত সড়কের সিসি (কংক্রিট) ঢালাই নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা বলেন, “জনগণ আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, তা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করাই আমার লক্ষ্য। উন্নয়ন কোনো একটি এলাকায় সীমাবদ্ধ থাকবে না; হলোখানা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, কাগজিপাড়া, আরডিএস মাস্টারেরহাট, কুড়াড়পাড়া, খোচাবাড়ীসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে সড়ক, কালভার্ট, ড্রেন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, মেহের জামালের বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সিসি ঢালাই নির্মাণকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকাবাসী চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সড়কটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন আরও সুবিধাজনক হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, “জনগণের সেবক হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। ইউনিয়নের প্রতিটি উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করাই আমার অঙ্গীকার। ইনশাআল্লাহ, হলোখানা ইউনিয়নে উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























