রিপোর্টার শাফায়েত হোসেন
রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর এলাকায় মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি পদপ্রার্থী নাদিম চৌধুরী।
রোববার (২৩ আগস্ট) আদাবর-মোহাম্মপুর এলাকায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব এবং আগামী দিনের কর্মকৌশল নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন নাদিম চৌধুরী।
এ সময় ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের নেতা জাহিদ ইসলাম, আদাবর ও মোহাম্মদপুর থানা মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নাদিম চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সুখে ,দুঃখে পাশে দাঁড়ানো এবং জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখাই নেতাকর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি নেতাকর্মীদের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলের নীতি ও আদর্শের প্রতি আস্থা রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নাদিম চৌধুরী আরও বলেন, রাজনীতি হতে হবে মানুষের জন্য। সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণকে গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বলেন, অতীতে দেশে অনিয়ম ও অরাজকতার যে অভিযোগগুলো উঠেছে, তার পুনরাবৃত্তি তারা চান না। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান বক্তারা। তাদের বক্তব্য অনুযায়ী, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধেও সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন তারা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাকিব হোসেন সোহেল, আদাবর থানা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি।
তিনি বলেন, জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড কাউকে করতে দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাকিব হোসেন সোহেল আরও বলেন, জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার ও নির্দেশনার আলোকে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সাধারণ মানুষের যে আস্থা, বিশ্বাস ও প্রত্যাশা রয়েছে, তা ধরে রাখতে নেতাকর্মীদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আদাবর থানা মৎস্যজীবী দলের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যুবদল নেতা আশরাফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















