রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী রায়হান উদ্দিনসহ চার জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রায়হান উদ্দিনের চার দিন ও রাসেল খান , আলাউদ্দিন ও আবদুল্লাহ এর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৯ সেপ্টম্বর রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবি’র একটি দল। এরপর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানার জন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় পার্কিং এলাকার একটি পিলারের পাশে রাখা ইটের খোয়ার বস্তার ভেতর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়। পরের দিন ২০ সেপ্টম্বর তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।
গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার মেইন রোডের সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য সৃষ্টি, ত্রাস ও জনসাধারণের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন করার উদ্দেশ্যে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পথচারী ইবাদুর রহমান গুরুতর আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















