পিরোজপুর প্রতিনিধি:
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে নারীর মানবাধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) এবং বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ পালন উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুরে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে এসব আহ্বান জানানো হয়।
‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো’—এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা মহিলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি খালেদা আক্তার হেনা।
সংবাদ সম্মেলনে লিখিত নোটিশ উপস্থাপন করেন জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক নাছরিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মিনারা বেগম।
বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। নির্যাতনের ঘটনায় বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে সহিংসতা প্রতিরোধের উদ্যোগ বাধাগ্রস্ত হবে। তাই অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং নারীর অধিকার সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহীদুল হক চান, পিরোজপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন শুকর, জ্যেষ্ঠ সহসভাপতি খেলাফত হোসেন খসরু, বাংলাদেশ মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার নির্বাহী সভাপতি কাজী মজিবুর রহমান, আঞ্জুমানে মুফিদুলের পিরোজপুর সভাপতি লুৎফর রহমান, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট সাইদুর রহমান টিটো, সুজনের সাধারণ সম্পাদক শাহ আলম, পিডিএফের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না এবং রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, সাংবাদিক জাকির হোসেন।
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















