ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির গোপন কারখানাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে রায়হানের ব্যবহৃত ১টি পিস্তল, ১টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন-কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।
ফটিকছড়ি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বাসস’কে জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয় দিয়ে আসছিলেন এবং তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন।
এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া এবং গ্রেফতারদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















