চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করে আসছিল। অভিযানে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানু. এর মালিক জসিম উদ্দিন, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-এর মালিক মো. গিয়াস উদ্দিন, চরম্বা রহমানিয়া ব্রিকস-এর মালিক নাছির উদ্দিন, মেসার্স ইসলাম ব্রিকস ম্যানু. এর মালিক মফিজুর রহমান, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস-এর মালিক নুরুল আলম বাহাদুরের কাছ থেকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ চট্টগ্রাম র্যাব-৭, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লোহাগাড়া স্টেশনের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, ইটভাটাসমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করায় তাদের এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।