এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা আজ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিৃবতিতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি এ হত্যার ঘটনাকে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, আজ ভোর সকালে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) সন্তু লারমার লেলিয়ে দেওয়া একদল সশস্ত্র সন্ত্রাসী যুবনেতা ধর্মশিং চাকমাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এ সময় তার দুই বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও গুলি করে গুরুতর জখম করেছে।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জেএসএসের সভাপতি সন্তু লারমা আঞ্চলিক পরিষদের চেয়ারে বসে খুনি বাহিনী লালন পালন করে পার্বত্য চট্টগ্রামে খুনের রাজত্ব কায়েম করেছেন। রাষ্ট্রীয় বিশেষ মহলের পৃষ্ঠপোষকতায় গদি রক্ষার্থে তিনি এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে তিনি অবিলম্বে যুবনেতা ধর্মশিং চাকমার হত্যাকারী সন্তু বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান।