যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে কিউবার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তরিক ও সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছে মেক্সিকো, স্পেন ও ব্রাজিল।
বামপন্থী নেতৃত্বাধীন এই তিন দেশ, শনিবার এক যৌথ বিবৃতিতে কিউবার ‘নাটকীয় পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
তারা জানায়, দেশটির জনগণ ‘গুরুতর মানবিক সংকটের’ মধ্যে রয়েছে।
দেশ তিনটি এই পরিস্থিতি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করেই আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ‘আন্তরিক ও সম্মানজনক সংলাপের’ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই সংলাপের লক্ষ্য হওয়া উচিত বর্তমান সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করা ও কিউবার জনগণ যেন পূর্ণ স্বাধীনতায় নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে তা নিশ্চিত করা।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বে বার্সেলোনায় বামপন্থী নেতাদের এক সম্মেলন চলাকালে এই আহ্বান আসে।
সম্মেলনে ক্লাউদিয়া শেইনবাউম ও লুইজ ইনাসিও লুলা দা সিলভা অংশ নেন।
এ সময় তারা ‘গণতন্ত্র রক্ষায়’ উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ঘিরে কয়েক দফা সতর্কতা বার্তা দিয়েছেন।
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর, কিউবাই পরবর্তী বলে ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প প্রশাসন কিউবার ওপর তেল অবরোধ আরোপ করেছে| এতে দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।