স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরখাড়া গ্রামের পাশে একটি ছোট খালে বাঁশের বেড়া দিয়ে নৌকায় পারাপার করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ মিয়ার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে খালটি ইজারা দেওয়ার মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে হাফিজ মিয়া বলেন, “সাংবাদিকরা লিখে কী করতে পারবে?” তিনি খালটি ইজারা দেওয়া হয়েছে বলেও স্বীকার করেন। তবে ইজারার বৈধতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া বলেন, “এখানে কোনো ইজারা নেই।” অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. বি. এম. এস. আর. আলিফ বলেন, “ঠিকানা দিন, আমি খোঁজ নিয়ে দেখছি।”
এলাকাবাসী জানান, তাঁদের জানা মতে, আগে কখনো সেখানে এভাবে পারাপারের ব্যবস্থা বা ইজারা ছিল না। হঠাৎ করে বাঁশের বেড়া দিয়ে নৌকায় পারাপার এবং টাকা আদায় শুরু হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন।
হাফিজ মিয়া দাবি করেছেন, ইজারা থেকে পাওয়া টাকা মাদ্রাসায় দেওয়ার কথা রয়েছে। তবে ইজারার অনুমোদন, লিখিত চুক্তি এবং অর্থ আদায় ও ব্যয়ের বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























