জেলার বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার আটশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
রোববার সকালে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকা থেকে মালামাল সহ তাদের আটক করা হয় বলে বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন- জেলার বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) এবং একই এলাকার শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বড়শশী বিওপির হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭৬ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় অবস্থান নেয়। অভিযানকালে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।
আটককৃত মো. রাশেদ ও মো. বোরহান অভিনব কায়দায় কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং সঙ্গে থাকা মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচারের চেষ্টা করছিলেন। এসময় তাদের কাছ থেকে ছয়হাজার চারশ’ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল এবং দু’টি গ্রামীণ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার আটশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের মানুষকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















