নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালনকালে নাগরিক টেলিভিশনের রিপোর্টার ও ডিজাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মেরাজের (মিরাজ মিঞ্চু) ওপর নৃশংস হামলা, মারধর এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)। কর্মরত সংবাদকর্মীদের ওপর এমন বর্বরোচিত আক্রমণের ঘটনায় গণমাধ্যম অঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর পল্লবীতে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় শেখ মেরাজ আহত হন। তার ভিডিও সাংবাদিককেও মারধর করা হয়। একই সঙ্গে ক্যামেরা ভাঙচুর ও ধারণ করা ভিডিও ফুটেজের মেমোরি কার্ড সরিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
ডিজাবের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















