আন্তর্জাতিক ডেস্ক: : যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) মঙ্গলবার প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে রেকর্ড ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই হিসাবে এটিই সর্বাধিক।
সংস্থাটি প্রতিবেদনে উল্লেখ করেছে, চলতি বছরের গ্রীষ্মকাল ছিল একটি ব্যতিক্রমী গ্রীষ্ম। ২০১৬ সালে ইউকেএইচএসএ যখন থেকে বার্ষিক তাপজনিত মৃত্যুহারের প্রতিবেদন প্রকাশ করা শুরু করে, তখন থেকে এই বছরই সর্বোচ্চ মৃত্যুহার পরিলক্ষিত হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, গ্রীষ্মের শুরুতেই মে ও জুন মাসে তাপপ্রবাহের সময় তাপজনিত কারণে আনুমানিক ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ব্রিটেনে এ বছর রেকর্ড করা ইতিহাসের উষ্ণতম গ্রীষ্মকাল অতিবাহিত হয়েছে, সেখানে মৌসুমের শুরু থেকেই একের পর এক তাপপ্রবাহ দেখা দিয়েছে। দেশটিতে গত প্রায় ২০০ বছরের মধ্যে দেখা যায়নি এমন তীব্র খরাও পরিলক্ষিত হয়েছে, যা মূলত বৃষ্টিপাতের অভাবের কারণে ঘটেছে।
বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা বাড়ছে। ইউরোপ বিশ্বের গড় হারের চেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে এবং তাপপ্রবাহের ঘটনাগুলো আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। ইউকেএইচএসএ আরও জানিয়েছে, যদিও এই প্রাথমিক পরিসংখ্যানগুলো পরবর্তীতে সংশোধিত হতে পারে, তবুও এবারের তাপজনিত মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী যেকোনো বছরের বার্ষিক তাপজনিত মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সাতটি আলাদা তাপপ্রবাহের ঘটনা চলাকালীন এই মৃত্যুর হিসাব পাওয়া গেছে।সংস্থাটি জানিয়েছে, তাদের বিশ্লেষণে তাপপ্রবাহ চলাকালীন মৃত্যুহারের সঙ্গে তাপপ্রবাহহীন নিকটবর্তী সময়ের মৃত্যুহারের তুলনা করা হয়েছে।এটি তাপপ্রবাহের প্রভাব বোঝার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর বলে সংস্থাটি উল্লেখ করেছে।
চলতি বছর তীব্র গরমের গ্রীষ্মের পর ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপজনিত মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে; যার মধ্যে জার্মানিতে ১৬,৩০০ জন এবং স্পেনে ৫,০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত মাসে চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনকে একটি ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করা প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে তাপজনিত কারণে ৩০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার প্রচেষ্টায় সৃষ্ট চাপের কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, যা তাপজনিত অতিরিক্ত মৃত্যুর অন্যতম কারণ। ব্রিটেনের জাতীয় আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, ‘এল নিনো’ আবহাওয়া পরিস্থিতির প্রভাবে ২০২৭ সাল বিশ্বব্যাপী উষ্ণতম বছর হতে পারে। বিশেষজ্ঞরা দেশটিকে গ্রীষ্মকালের ক্রমবর্ধমান উষ্ণতার জন্য ঘরবাড়ি ও সরকারি অবকাঠামোগুলোকে আরও ভালোভাবে প্রস্তুত করার আহ্বান জানিয়েছে।
সূত্র: এএফপি
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















