ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদার কথা বিবেচনা করে নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)।
ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত আমন মৌসুমের নতুন জাত ব্রি ধান-১০৯-এর বাম্পার ফলন হয়েছে। নমুনা ধান কাটার পর বিঘা প্রতি ২৪ দশমিক ৭৬ মণ ধান পাওয়া গেছে।
নতুন জাতের এই ধানের আশাব্যঞ্জক ফলনে উচ্ছ্বসিত স্থানীয় কৃষকরা। আগামী মৌসুমে আরো বেশি জমিতে এই ধান চাষের আগ্রহ প্রকাশ করেছেন তারা।
ইতোমধ্যে উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকায় পার্টনার প্রকল্প ও বি’্রর উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে নমুনা ধান কাটার পর এই ফলন পাওয়া যায়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার বিভিন্ন ব্লকে এক একর করে মোট ৫৭ একর জমিতে ব্রি-১০৯ জাতের ধান এর চাষ করা হয়েছে। বর্তমানে এসব জমির ধান কাটা চলছে।
দক্ষিণ চর চান্দিয়া এলাকার কৃষক আবু সায়েদ রুবেল, আব্দুর রাজ্জাক ও নয়ন চন্দ্র দাসের জমিতে এবার প্রথমবারের মতো ব্রি-১০৯ ধান চাষ করা হয়। নমুনা ধান কাটার পর ২০ বর্গমিটার জমিতে ১৪ শতাংশ আর্দ্রতায় শুকনা ১৩ দশমিক ৮৭ কেজি ধান পাওয়া গেছে। সে হিসাবে হেক্টর প্রতি ফলন দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ টন এবং বিঘা প্রতি ২৪ দশমিক ৭৬মণ।
এমন ফলনে প্রদর্শনী কৃষকসহ মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষক-কৃষাণী সন্তোষ প্রকাশ করেন। তারা আগামী মৌসুমে ব্রি-১০৩ ও ১০৯ জাতের ধান আরো ব্যাপকহারে চাষ করার আগ্রহ প্রকাশ করেন।
কৃষক আবু সায়েদ রুবেল বলেন, ‘আমন মৌসুমে প্রথমবারের মতো নিজের জমিতে ব্রি-১০৯ ধান চাষ করেছি। ধান কাটার পর ফলন দেখে আমরা নিজেরাই হতবাক। বিঘায় ২৪ থেকে ২৫ মণ ধান পাওয়া যাচ্ছে। ব্রি’র বিজ্ঞানী ও কৃষি অফিসের কর্মকর্তারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন। আগামী বছর আরো বেশি জমিতে এই ধান চাষ করব।’
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভুঁইয়া বাসস’কে বলেন, ‘দক্ষিণ চর চান্দিয়া এলাকায় ব্রি-১০৯ জাতের ধানের নমুনা কাটার পর বিঘা প্রতি ২৪ দশমিক ৭৬মণ ধান পাওয়া গেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
পার্টনার প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে কৃষকদের দোরগোড়ায় নতুন ও উচ্চফলনশীল জাত পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। এই ফলন ধরে রাখতে পারলে এলাকার খাদ্য উৎপাদন ও কৃষকের আয়-দু’টিই বাড়বে।’
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.ফারুক হোসেন খানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মো. ইকরামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. সানিয়া তামান্না,উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আশ্রাফ হোসেন পাটোয়ারী।
সভায় বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা আবু সায়েদ রুবেল ও জগন্নাথ চন্দ্র দাস।
মাঠ দিবসে বৈজ্ঞানিক কর্মকর্তারা নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ জাতের ধানের গুণাগুণ ও বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি-১০৩ ধান একটি উচ্চফলনশীল রোপা আমন জাত। এই জাতের আয়ুষ্কাল গড়ে ১৩২ দিন (প্রায় ১২৮-১৩৩ দিন)। এর গড় ফলন হেক্টর প্রতি প্রায় ৬ দশমিক ২টন হয়।
উপযুক্ত পরিচর্যাও অনুকূল পরিবেশে এই জাত থেকে হেক্টর প্রতি ৮টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধানের দানা লম্বাও চিকন হওয়ায় চালের বাজার মূল্য পাওয়ার ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। জাতটির বীজতলা বপনের উপযুক্ত সময় ১৫ জুন থেকে ৭ জুলাই। ২৫-৩০ দিন বয়সী চারা সাধারণত ৭ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে রোপণ করতে হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















