বিনোদন ডেস্ক: চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে অস্ট্রিয়া থেকে দেশে ফিরেই আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর ও আলিয়া ভাট।
মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে আলিয়ার উপস্থিতি ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি।
কাকতালীয়ভাবে, দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীর তুলনা টেনে আনছেন ভক্তদের একাংশ। অনেকেই আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনও কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া।
বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’। তবে কাজের ব্যস্ততার মাঝে হাসপাতালের এই সফর কেবলই রুটিন চেকআপ নাকি বিশেষ কোনো বার্তা, তা সময়ই বলে দেবে।