ইরানের রেভল্যুশনারি গার্ড বৃহস্পতিবার দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারের একটি আগুনে পুড়ে যাওয়ার পর উভয় জাহাজই ফিরে গেছে।
রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, ‘গত রাতে মার্কিন যুদ্ধবিমানের উৎসাহে দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালীর অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিল।’
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এর মধ্যে একটি জাহাজে বড় ধরনের আগুন লাগার পর দুটি জাহাজই দ্রুত ফিরে যায়।’
মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান।
এরপর থেকে জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরান নির্ধারিত রুট ব্যবহার করতে হবে বলে তেহরান জানিয়ে আসছে।
পাশাপাশি, চলাচলের আগে অনুমতি নেওয়া ও সেবামূল্য পরিশোধেরও শর্ত দিয়েছে তারা।
বৃহস্পতিবার রেভল্যুশনারি গার্ড আবারও বলেছে, হরমুজ প্রণালী আমাদের ভূখণ্ড। যতদিন মার্কিন কর্মকর্তাদের ‘অতিরিক্ত উসকানিমূলক বক্তব্য ও হুমকি’ এবং এ অঞ্চলে নৌ চলাচলে তাদের হস্তক্ষেপ অব্যাহত থাকবে, ততদিন এই প্রণালী ‘পুনরায় খুলে দেওয়া যাবে না।’
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























