স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের অসুস্থ যুবক তাজির হোসেনের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে প্রবাসী ঐক্য পরিষদ বিশ্বম্ভরপুর। সংগঠনটির সভাপতি মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাজু-এর নেতৃত্বে পরিচালিত এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, তাজির হোসেন মৃত আমির হোসেনের বড় ছেলে। পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা করলেও উন্নত চিকিৎসা এবং পরবর্তী অপারেশনের জন্য তাকে আবারও ময়মনসিংহে যেতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই দেশ-বিদেশে অবস্থানরত সকল মানবিক ব্যক্তি, সমাজসেবী, ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।
এ বিষয়ে প্রবাসী ঐক্য পরিষদ বিশ্বম্ভরপুরের সভাপতি মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাজু জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অসুস্থতার কারণে তাজির হোসেন উপস্থিত থাকতে না পারায় তার চাচা কামরুল হাসান (পিতা: আব্দুস সালাম) সংগঠনের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন। পরে বিশ্বম্ভরপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লিদের অংশগ্রহণে তাজির হোসেনের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে প্রবাসী ঐক্য পরিষদ বিশ্বম্ভরপুরের পক্ষ থেকে তাজির হোসেনের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা সংগঠনটির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে এভাবেই দাঁড়িয়ে থাকার আহ্বান জানান।
মাহফিলে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ঐক্য পরিষদ বিশ্বম্ভরপুরের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, তিনি যেন সকল প্রবাসী ভাই-বোনকে সুস্থতা, নিরাপত্তা, দীর্ঘায়ু ও হালাল রিজিক দান করেন এবং মানবসেবার এই মহৎ পথচলাকে আরও সমৃদ্ধ করার তাওফিক দান করেন।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা অনেক অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই মানবতার কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বর্তমানে প্রবাসী ঐক্য পরিষদ বিশ্বম্ভরপুরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সৌদি আরব প্রবাসী মাসুক মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফতেপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী রাজীব আহমেদ রাজু।
সংগঠনটির উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন পলাশ ইউনিয়নের সৌদি আরব প্রবাসী মামুন মিয়া, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সৌদি আরব প্রবাসী ফজলুল হক, সলুকাবাদ ইউনিয়নের সৌদি আরব প্রবাসী হায়াতুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ওমান প্রবাসী হুদাল্লীন আহমেদ, ধনপুর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মো. বিল্লাল হোসেন, পলাশ ইউনিয়নের কাতার প্রবাসী জাকির হোসেন, ধনপুর ইউনিয়নের আফ্রিকা প্রবাসী আফতাব আহমেদ জয়, ধনপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী জুয়েল রানা, ফতেপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী মো. শাহ পরান শাহ, ধনপুর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মো. আমিরুল ইসলাম, পলাশ ইউনিয়নের সৌদি আরব প্রবাসী জাহিদুল ইসলাম রাব্বি, পলাশ ইউনিয়নের সৌদি আরব প্রবাসী নুরুজ্জামান নিরব এবং ধনপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী কাজল মিয়া।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী ঐক্য পরিষদ বিশ্বম্ভরপুর ভবিষ্যতেও অসহায়, দরিদ্র, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















