মীম আক্তার :
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ হৃদয় (৩১)। তিনি তুরাগ থানার তারারটেক এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুল আউয়াল এবং মাতার নাম মোছাঃ মাসুদা বেগম। স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামে।
তুরাগ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হোন্ডা মোবাইল-৯২ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তারারটেক বাইতুর মামুর জামে মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে এসআই সমর চন্দ্র রায়, এসআই মেহেদী হাসান ফয়সাল ও এসআই মেহেদী হাসান বাপ্পীর নেতৃত্বে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হৃদয়কে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি সাদা পলিথিনের ভেতরে থাকা ৪টি নীল পলিজিপার উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, ধৃত হৃদয় একজন পেশাদার ও তুরাগের চিহ্নিত মাদক ব্যবসায়ী। সিডিএমএস যাচাই করে দেখা গেছে তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে তুরাগসহ ডিএমপির বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















