ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারবিরোধী কার্যক্রম এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মো. মাহবুবুল হক। এ সময় কোতোয়ালী থানা ও ডিবির একাধিক পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে সিরতা, পরানগঞ্জসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়। অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, চাঁদাবাজি রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















