হাফসা আক্তার :
জুলাই গণঅভ্যুত্থানে নিজ ঘরের বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার রাত ৯টায় উত্তরা ৯ নং সেক্টরে নাইমা সুলতানার বাসায় গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তার সাথে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
আমীরে জামায়াত আসবেন এমন খবর পেয়ে বাসার সামনে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন।
সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমি স্ব শরীরে বহু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু আমি খুবই দুঃখিত যে, শহীদ নাইমা সুলতানার পরিবার আমার কাছাকাছি হওয়ার পরেও অনেক সময় লেগে গেল দেখা করতে।”
তিনি শহীদ পরিবারের জন্য দোয়া করেন এবং শহীদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার ঘোষণা দেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর আমীর আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান ও ফিরোজ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















