জেলার শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের ১৪৫ বছরের পুরনো নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান।
জরাজীর্ণ আধাপাকা ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। টিনের চাল ছিদ্র হওয়ায় বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি জমে যায়। ফলে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে।
এ ছাড়া নতুন ভবন নির্মাণ না হওয়ায় বিদ্যালয়টিতে দেখা দিয়েছে শ্রেণিকক্ষের সংকট। অধিকাংশ শ্রেণিকক্ষের ব্লাকবোর্ড ভাঙাচোরা, বসার বেঞ্চ, চেয়ার, টেবিলের অবস্থাও বেহাল। বিদ্যালয়ের এমন বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ঠদের একাধিকবার জানিয়েও সুফল পাননি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৮১ সালে ৭৪ শতাংশ জমির ওপর নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে।
নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার ১৪৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো একাডেমিক ভবন বরাদ্দ পায়নি প্রতিষ্ঠানটি। ১৯৮০ সালে একটি বিজ্ঞান ভবন এবং ১৯৯৭ সালে ফ্যাসিলিটিজ বিভাগ থেকে আরেকটি ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিনের ব্যবহারে সেই ভবন দুটিও এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নতুন ভবনের জন্য শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হলেও এখনো মেলেনি স্থায়ী সমাধান।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানকে অন্য বিদ্যালয়ে পাঠাতে বাধ্য হচ্ছেন। এমনকি, এই বিদ্যালয়ে যারা অধ্যয়নরত আছে, তারাও ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনার ভয়ে নিয়মিত বিদ্যালয়ে আসতে চায় না।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শ্রেণিকক্ষ ও অফিস কক্ষসহ মোট ১১টি কক্ষ রয়েছে। তবে অধিকাংশ কক্ষের অবস্থা বেহাল। অনেক শ্রেণিকক্ষের দেওয়াল ও ছাদের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। কোথাও পলেস্তারা খসে পড়েছে, কোথাও বেরিয়ে পড়েছে জংধরা রড। এছাড়া পুরনো টিনশেড ঘরের অবস্থা আরও জরাজীর্ণ। কোনো কোনো কক্ষের দরজা-জানালা ভেঙে পড়েছে। খসে পড়েছে দেওয়ালের ইট।
শিক্ষার্থী সুমন আলী জানায়, বিদ্যালয়ের ভবন, খেলার মাঠসহ সার্বিক পরিবেশ একেবারে জরাজীর্ণ। এমন পরিবেশে পড়াশোনা করায় মানসিকভাবে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। আশেপাশের অনেক বিদ্যালয় ঝকঝকে চকচকে। আমাদের বিদ্যালয়ের ভবনের দিকে তাকানো যায় না।
জান্নাতুল নামে আরেক শিক্ষার্থী জানায়, খেলার মাঠে পানি জমে থাকে। কাদাপানিতে মাঠে খেলা করা যায় না। ভাঙাচোরা ভবন দেখে এ স্কুলে অনেক শিক্ষার্থী ভর্তি হতে চায় না। আমরা অনেক ঝুঁকি ও ভয় নিয়ে ক্লাস করি। মাঝে মাঝে ছাদ থেকে বালি-খোয়া খসে গায়ের ওপর পড়ে। বৃষ্টি হলে পানিতে বই-খাতা ভিজে যায়।
বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ মন্ডল বলেন, ‘এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কিন্তু অবকাঠামোগত সংকটের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দ্রুত নতুন একাডেমিক ভবন চাই। পাশাপাশি বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে শিক্ষা কার্যক্রম আরও সুসংগঠিত হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন বাসস’কে বলেন, ‘অনেক আগে থেকেই টিনশেড ঘরসহ ভবন দুটি ঝুঁকিপূর্ণ। একটি একাডেমিক ভবনের জন্য দীর্ঘদিন বিভিন্ন মহলে আবেদন করেও কোনো লাভ হয়নি। বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছি। টিনশেড ঘরটিও যেকোনো সময় ধসে পড়তে পারে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ এখন অত্যন্ত জরুরি। বিদ্যালয়টি ১৪৫ বছরের পুরনো।
ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বাসস’কে বলেন, ‘এ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও খেলার মাঠের বেহাল অবস্থার বিষয়টি অবগত আছি। এ বিদ্যালয়টিসহ আরও যেসব বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন আছে, সেগুলোর ব্যাপারেও আমরা খোঁজখবর নিচ্ছি। তথ্য সংগ্রহ শেষে এ বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তরে প্রতিবেদন ও চাহিদা পাঠানো হবে। আশা করছি দ্রুতই ভালো কিছু হবে।’
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























