জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক, লেখক, অনুবাদক ও গ্রন্থাগার সংগঠক ফজলে রাব্বি আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পরিবারের সদস্যরা জানান, আজ এশার নামাজের পর রাজধানীর গুলশান-১ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল (সোমবার) ফজর নামাযের পর নবাবগঞ্জের আগলায় তাকে দাফন করা হবে।
ফজলে রাব্বি বাংলা একাডেমিতে সহ-প্রকাশনাধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৭৯ সালে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে যোগ দেন এবং প্রায় দেড় দশক এ দায়িত্ব পালন করেন।
তিনি একুশে বইমেলার অন্যতম সংগঠক ও নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা ছিলেন।
তার উল্লেখযোগ্য রচিত বইয়ের মধ্যে রয়েছে ‘ছাপাখানার ইতিকথা’, ‘স্মৃতিতে বাংলা একাডেমী’, ‘গ্রন্থকেন্দ্রের দিনগুলো’, ‘বাংলাদেশের গ্রন্থ ও গ্রন্থাগার’ এবং ‘ভ্রমণে স্বদেশ ও বিদেশ’।
তার অনূদিত বইয়ের মধ্যে রয়েছে মুখতার লুবিসের ‘ভয়’ ও মাইকেল জ্যাকসনের ‘আমার কথা’।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















