সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে বিভিন্ন পদক প্রদান করা হয়েছে।
আজ সোমবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে সেনাসদস্যদের অসামান্য অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান। তাদের মধ্যে ৭ জন সেনাসদস্যকে সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে তাদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের সেনাসদস্যদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষে অনুপ্রাণিত করা হয়।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























