ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের হয়ে আর টেস্ট খেলবেন না মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্ট খেলেই দীর্ঘ ১৯ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’
‘আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।’-যোগ করেন তিনি।
মুশফিকের অবসরের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন তামিম, ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮ টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















