রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নারী ও কম্পিউটার দোকানদারসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ কেজি গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ টাকা ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে। তাঁদের মধ্যে একজন পলাতক রয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দেওয়ানের খামার এলাকায় মো. একরামুল হকের বাড়ির পশ্চিম পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বহুলগুড়িতে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা লোহানী শাহনেওয়াজ, তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বালুভাট্টা গ্রামের লোহানী ওয়াহিদুল হকের ছেলে। এ ছাড়া ভূরুঙ্গামারী উপজেলা পূর্ব গেট এলাকার কম্পিউটার দোকানদার মো. কফিলুর রহমান গ্রেফতার হয়েছেন। তিনি জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের মো. হাফেজুর রহমানের ছেলে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাড়া বাসায় মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার ২ নম্বর আসামি মো. গোলাম রব্বানী তাঁর কাছে থাকা গাঁজার একটি পোটলা ফেলে পালিয়ে যান। পরে অন্য আসামিদের আটক করে বাসায় তল্লাশি চালানো হলে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে গ্রেফতার আসামিরা হলেন— মোছা. রুমা খাতুন (৩৬), পিতা মো. সামাদ মণ্ডল; পলাতক মো. গোলাম রব্বানী (৩৭), পিতা মো. হাবিবুর রহমান। তাঁদের উভয়ের ঠিকানা বড় খাটামারী (বাউশমারী), ৮ নম্বর ওয়ার্ড। মো. রোকনুজ্জামান (২৬), পিতা মো. আব্দুর রশিদ, ঠিকানা বাগভাণ্ডার, ৩ নম্বর ওয়ার্ড। মো. কফিলুর রহমান (৩৪), পিতা মো. হাফেজুর রহমান, ঠিকানা বড় খাটামারী, ৭ নম্বর ওয়ার্ড। মো. সুজন মিয়া (২৬), পিতা মো. জাহুরুল ইসলাম, ঠিকানা পাইকেরছড়া, ৭ নম্বর ওয়ার্ড। তাঁদের ঠিকানা ভূরুঙ্গামারী থানা, কুড়িগ্রাম জেলা। লোহানী শাহনেওয়াজ (৪২), পিতা লোহানী ওয়াহিদুল হক, ঠিকানা বালুভাট্টা, ৭ নম্বর ওয়ার্ড, বদরগঞ্জ থানা, রংপুর জেলা। মো. বেলাল হোসেন (৩৭), পিতা মো. জাকারিয়া, ঠিকানা পূর্ব পায়রাডাঙ্গা, ৮ নম্বর ওয়ার্ড। মো. জাহাঙ্গীর আলম (৩২), পিতা মো. আব্দুল মজিদ মিয়া, ঠিকানা চটিপুর, ১ নম্বর ওয়ার্ড। মো. আরিফুল ইসলাম (৩৮), পিতা মৃত মহিবুল ইসলাম, ঠিকানা ভাসানমোড়, ৬ নম্বর ওয়ার্ড। মো. সাইফুর রহমান (৩৫), পিতা মো. ইনজিল হক, ঠিকানা মাঝুর খামার, ২ নম্বর ওয়ার্ড এবং মো. গোলাম রব্বানী (২৯), পিতা আবু ব্যাপারী, ঠিকানা কাশির ভিটা, ৩ নম্বর ওয়ার্ড। শেষের পাঁচজনের ঠিকানা নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম জেলা।
এজাহার অনুযায়ী, উদ্ধার করা ২০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩ হাজার ৬০০ টাকা। এ ছাড়া নগদ ২ লাখ টাকা ও একটি OPPO A38 মডেলের মুঠোফোন জব্দ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাদককাণ্ডে গ্রেফতার হয়েছে বিষয়টি জেনেছি। আমি ঢাকায় ছুটিতে এসেছি। কাল অফিসে গিয়ে নীতিমালা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হবে।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের কুড়িগ্রাম জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















