‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ব্যাপক সড়ক ও জনসচেতনতামূলক প্রচার কর্মসূচি।
জেলা তথ্য অফিস আয়োজিত এই কার্যক্রমে জেলা তথ্য অফিসার মুঈনুল হক, জেলা লিগ্যাল এইড কমিটি’র পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। সরকারি খরচে জমি-জমা সংক্রান্ত বিরোধ, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের আইনি সহায়তা, আপোষযোগ্য মামলা এবং অন্যান্য আইনগত সহায়তা সম্পর্কে জনগণকে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আজ থেকে শুরু হওয়া এই প্রচারণা খানজাহান আলী দরগাহ, ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন সড়ক, খুলনা-বাগেরহাট মহাসড়ক, শহর রক্ষাবাঁধ সড়ক, দড়াটানা, মুনিগঞ্জসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং কচুয়া, রামপাল, মোংলা ও মোরেলগঞ্জ পৌরসভায় পরিচালিত হচ্ছে।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা লিগ্যাল এইড কমিটি।
কর্মসূচির মধ্যে রয়েছে-জেলা জজ কোর্ট চত্বর থেকে শহরে বর্ণাঢ্য র্যালী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান, জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার ও সিভিল জজ আছমা আরা বীথির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম। তিনি র্যালীতে নেতৃত্ব দিবেন।
উল্লেখ্য, বাংলাদেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, নারী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য সহজলভ্য বিচার ব্যবস্থা গড়ে তুলতে সরকার মেডিয়েশন ও লিগ্যাল এইড কার্যক্রম জোরদার করেছে। ২০১৩ সাল থেকে দেশব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে, যার মূল উদ্দেশ্য দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তি এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা।
জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।