বিনোদন ডেস্ক: বয়স কেবলই একটা সংখ্যা—এই বহুল প্রচলিত বাক্যটিকে যদি কেউ প্রতিদিন অক্ষরে অক্ষরে প্রমাণ করে চলেন, তবে তিনি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি ৮৩ বছরে পা দেওয়া এই কিংবদন্তি অভিনেতা আবারও প্রমাণ করলেন, কাজের প্রতি তাঁর নিষ্ঠা আর তারুণ্যের উদ্যম এই প্রজন্মেও বিরল। শনিবার টানা রাত জেগে ভোর ৪টা পর্যন্ত শুটিং শেষ করে মাত্র কয়েক ঘণ্টার মাথায় আবারও চাঙ্গা হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছেন তিনি। এই বয়সে এসেও যেখানে বিশ্রামের দিনলিপি লেখার কথা, সেখানে তিনি প্রতিটি দিন পার করছেন নতুন কিছু শেখার তাড়নায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কাজের ব্যস্ততা ও জীবনবোধ নিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন বিগ বি। সেখানে তিনি লেখেন, ‘এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভোর ৪টা পর্যন্ত কাজ করেছি। এখন আবার কাজের জন্য তৈরি। সবাই ভালো থাকবেন। রোদ এবং গরম থেকে সাবধান। পর্যাপ্ত পানি পান করবেন।’
একই পোস্টে জীবনের নানা প্রতিকূলতা ও সমস্যাকে ইতিবাচকভাবে দেখার দারুণ এক বার্তা দিয়েছেন অমিতাভ। তিনি লেখেন, ‘সমস্যার একটা ভালো দিক হলো সেগুলো পড়েও সমস্যা হয়েই থাকবে, সেগুলোর মোকাবিলা করতে হবে না। প্রতিদিন নতুন কিছু শেখা যায়, যখন কোনো সমস্যা সামনে আসে তখন সেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ এবং জ্ঞান লাভ করতে হয়।
সমস্যার সমাধান খোঁজার পাশাপাশি দূরদর্শী হওয়ার পরামর্শ দিয়ে এই মেগাস্টার আরও যোগ করেন, ‘পরের বার যখন সেই একই সমস্যা আসে, তখন শুধুমাত্র সমাধানের জন্য নয় বরং জীবনে যদি এবং কিন্তুগুলো শেখার জন্য প্রস্তুতি নিতে হবে। এটাই একমাত্র ইতিবাচকতা নিয়ে আসবে জীবনে।’
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘কাল্কি ২৮৯৮ এডি’-তে। কল্পবিজ্ঞান ঘরানার এই চলচ্চিত্রে অশ্বত্থামার চরিত্রে বিগ বি-র অনবদ্য অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিল। প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানের মতো তারকাদের উপস্থিতির মাঝেও অমিতাভের স্ক্রিন প্রেজেন্স ছিল প্রশংসনীয়। বর্তমানে এই সিনেমার বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘শাহেনশাহ’।