মো:জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা:
নীলফামারীর সৈয়দপুরে থানা ঘেরাওয়ের পর পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার মামলা নিলেও আসামি গ্রেফতারে গড়িমসির প্রতিবাদে ওসির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে হত্যাকান্ডের শিকার বৃদ্ধ আফাজ উদ্দিনের আত্মীয় স্বজনরা এই কর্মসূচীর আয়োজন করে।
শোকাহত এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের ছেলে নুর হোসেন ও আবু বকর সিদ্দিক, মেয়ে রেহেনা বেগম, এলাকাবাসী সামিউল ইসলাম, মোক্তার হোসেন, মো. তাহের হোসেন প্রমুখ। আমার বাবা কবরে, খুনি কেন বাইরে? ওসি সাহেব জবাব চাই, দিতে হবে। খুনিদের গ্রেফতার ও বিচার চাই। মানববন্ধন শেষে শতাধিক নারী-পুরুষ মিছিল করে থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং ওসির অপসারণ ও দ্রুত আসামি গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন, দেশে মনে হয় আইন ও বিচার বলে কিছু নাই। সেজন্যই একজন বৃদ্ধ মানুষকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলেও আসামি গ্রেফতার করা হচ্ছেনা। ঘটনায় জড়িতদের কাছ থেকে টাকা খেয়ে পুলিশ মামলা নিতেই চায়নি। কিন্তু বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে থানা ঘেরাও করার পর বাধ্য হয়ে মামলা নিলেও এখন আসামি গ্রেফতারে চরম গড়িমসি করেছে।
তারা আরও বলেন, আসামিরা এলাকায় অবস্থান করে বুক ফুলিয়ে চলছে, অথচ পুলিশ নাকি তাদের খুঁজে পাচ্ছেনা। খুনিরা বলে বেড়াচ্ছে আফাজ উদ্দিনকে যেভাবে খেয়েছি, মামলাও খেয়ে ফেলেছি। তাহলে কি মানুষের জীবনের কোন নিরাপত্তা ও মূল্য নাই? একটা চক্র ৬ লাখ টাকা নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছে। এতে অসহায় পরিবারটি একদিকে প্রিয়জন হারিয়ে শোকাহত, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এই নৃশংস ঘটনার সঠিক বিচার দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে তারা বলেন, আমরা গরীব হওয়ার কি প্রশাসনের সহযোগিতা পাচ্ছিনা। বড়লোক হওয়ায় তারা টাকা দিয়ে থানা বুক করে বিচারের পথ বন্ধ করে রেখেছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ওসির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি আইনের লোক নন, খুনিদের রক্ষাকারী। তার অপসারণ দাবি করেন বক্তারা।