রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমি কাঁঠাল ব্যবসায়ী কয়সার আলী রোববার সকালে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান। একপর্যায়ে তিনি গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত হাতে থাকা কাস্তে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।